স্বাধীন কন্ঠ ডেস্ক
প্রথমবারের মতো তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়–এ অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান।
কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। পরে প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন। এ সময় তিনি কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে মতবিনিময় করেন।
প্রথম কর্মদিবস উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এরপর মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ দিনের কর্মসূচিকে নতুন দায়িত্ব পালনের আনুষ্ঠানিক সূচনা হিসেবে দেখা হচ্ছে।
