নড়াইলে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার অধীনে কর্মরত স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’ নামে একটি নতুন সংগঠন।
সম্প্রতি নড়াগাতী মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব বিশ্বাস আসজাদুর রহমান মিঠু-কে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটিতে প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন খান মতিয়ার রহমান, বি এম বরকতউল্লাহ, ডাঃ বুলবুল কবীর, সৈয়দ মিজানুর রহমান, সরাফাত হোসেন সবো, চৌধুরী সাখাওয়াত হোসেন ঝুনু ও আলহাজ্ব কোবাদ সিকদার।
একই সঙ্গে মোঃ মনিরুজ্জামান চৌধুরীকে আহ্বায়ক এবং মোঃ সোহাগ শেখকে সদস্য সচিব করে ৬ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ রাসেল মোল্লা। সদস্য হিসেবে আছেন মোঃ তৈয়েবুর রহমান, আব্দুল কাদের সিকদার ও খান মফিজুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের পৃষ্ঠপোষক খান সুমন রানা। এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, নড়াগাতীতে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করতেই এ প্রেসক্লাবের আত্মপ্রকাশ।
বক্তারা আশা প্রকাশ করেন, ‘নড়াগাতী মডেল প্রেসক্লাব’ স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে পেশাগত সংহতি বৃদ্ধি করবে এবং এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে গণমাধ্যমে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।
নতুন এই সংগঠনটি নড়াগাতী এলাকার সাংবাদিকদের জন্য একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

























