বুধবার, মার্চ ২৫, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলরামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে এক সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সাংবাদিক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগ অনুযায়ী, প্রেসক্লাব রামপালের আহ্বায়ক ও সাংবাদিক মোতাহার হোসেন মল্লিক গত ২ ফেব্রুয়ারি তারিখে জানতে পারেন, “Motahar Mollick” নামে একটি ফেসবুক আইডি থেকে তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে আপত্তিকর পোস্ট, মন্তব্য ও হুমকি দেওয়া হচ্ছে। এতে তার ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মোতাহার হোসেন মল্লিক জানান, বিষয়টি জানার পর তিনি বিভিন্নভাবে চেষ্টা করেও ভুয়া আইডির প্রকৃত ব্যবহারকারীকে শনাক্ত করতে পারেননি। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনগত সুরক্ষা নিশ্চিত করতে তিনি গত ২ মার্চ তারিখে রামপাল থানা-এ একটি সাধারণ ডায়েরি করেন। ডিউটি অফিসার মো. মহসিন আলী জিডিটি গ্রহণ করেন।

এদিকে প্রেসক্লাব রামপাল-এর পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিকের নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালানো নিন্দনীয় এবং দৃষ্টান্তমূলক শাস্তিযোগ্য অপরাধ। তারা অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

মোতাহার হোসেন মল্লিক সংশ্লিষ্ট ভুয়া আইডির বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়