যশোর সীমান্তে বিজিবির অভিযান বিপুল মাদক ও চোরাচালানি পণ্যসহ আটক ২
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে দুই আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মালিকবিহীন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর আওতাধীন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় ৩ হাজার ৯৭৩ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ১৪২টি শাড়ি, ৩ কেজি জিরা, ২টি মোবাইল ফোন, ৬ কেজি কিসমিস, ৫ হাজার ৭২৯টি বিভিন্ন খাদ্যসামগ্রী, নগদ ৯ হাজার ৬১০ টাকা, ১২ হাজার ১২টি চকলেট এবং ৬ হাজার ৬৫৭টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মোট মূল্য ৫৩ লাখ ৮৪ হাজার ৩১০ টাকা।
এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন— বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৩) এবং ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গাজীপাড়া গ্রামের শামসুর রহমানের ছেলে মিলন বাদশা (৪০)।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে চলমান থাকবে।
























