নড়াইল জেলা হাসপাতালে দুই এমপির আকস্মিক পরিদর্শন
নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে তারা হঠাৎ করেই হাসপাতালটি পরিদর্শনে যান।
পরিদর্শনকালে দুই সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। এ সময় তারা চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ ও হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে রোগী ও স্বজনদের কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করেন।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে দুই এমপি সমন্বিতভাবে কাজ করছেন। তিনি জানান, ধাপে ধাপে এসব সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, রোগীরা যেন দ্রুত ও মানসম্মত চিকিৎসা পায় এবং কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়—সে লক্ষ্যে আন্তরিকভাবে কাজ চলছে। ভবিষ্যতে নড়াইল জেলা হাসপাতালকে একটি আধুনিক ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
অপরদিকে, নড়াইল-2 আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু বলেন, হাসপাতালে চিকিৎসক ও স্টাফ সংকট দীর্ঘদিনের সমস্যা। এ বিষয়ে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, নড়াইলে ২৫০ শয্যার একটি হাসপাতাল ভবন দীর্ঘদিন ধরে প্রস্তুত থাকলেও জনবল সংকটের কারণে তা চালু করা সম্ভব হচ্ছে না। তবে স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন দ্রুত এ সমস্যার সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ আব্দুল গাফ্ফার, উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ তারিকুজ্জামান লিটুসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে নড়াইল জেলা হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে।

























