নড়াগাতীতে পেট্রোল পাম্প স্থাপনে উদ্যোগ
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানায় দীর্ঘদিন ধরে পেট্রোল পাম্প না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ পরিস্থিতিতে জ্বালানি সংকট নিরসনে বিশেষ উদ্যোগ গ্রহণের ঘোষণা দিয়েছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (২ এপ্রিল) কালিয়া উপজেলার একটি পেট্রোল পাম্পে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, নড়াগাতী এলাকার হাজার হাজার মানুষ দীর্ঘদিন ধরে জ্বালানি সংকটে ভুগছেন। বিশেষ করে ধান চাষের মৌসুমে কৃষকদের দুর্ভোগ চরমে পৌঁছে। এ সমস্যা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যাতে স্থানীয় পর্যায়েই জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়ে বলেন, নড়াগাতীর মানুষকে আর দূরবর্তী এলাকা থেকে জ্বালানি সংগ্রহ করতে হবে না—এমন ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া তিনি অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংসদ সদস্য আরও জানান, নড়াগাতী এলাকায় একটি পেট্রোল পাম্প স্থাপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

























