স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের চৌগাছায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ইমরান হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেলে চৌগাছা-যশোর সড়কের মুক্তাদা তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চানপাড়া গ্রামের রায়হান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা আনুমানিক ৩টার দিকে ইমরান ইজিবাইকযোগে চৌগাছার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মুক্তাদা তেল পাম্পের সামনে পৌঁছালে ইজিবাইকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে তিনি ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
পরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলেই তার মৃত্যু হয়।
এদিকে, নিহতের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যশোর ডিএসবি সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।#
