শনিবার, এপ্রিল ১১, ২০২৬
Homeরাজনীতিএনসিপি নেত্রী রাফিয়া রাফি’র মৃত্যু

এনসিপি নেত্রী রাফিয়া রাফি’র মৃত্যু

স্বাধীন কন্ঠ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা মারা গেছেন।

বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রাফিয়া ২০১৯ সালে ঢাবির রোকেয়া হল সংসদের নির্বাচনে প্রার্থী ছিলেন।

রাফির মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেছে এনসিপির মিডিয়া উইং ।

উল্লেখ্য, ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদে রোকেয়া হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হন রাফিয়া। তিনি ২০২৪ সালের আন্দোলনেও সক্রিয় ছিলেন। পরে তিনি এনসিপির রাজনীতিতে সক্রিয় হন। তার দুই শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে।

পরিবার সূত্র জানিয়েছে বৃহস্পতিবার (৯ এপ্রিল) আসরের নামাজের পর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজার নামাজ হবে।

এনসিপির শোক

এনসিপির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার  সই করা শোক বার্তায় উল্লেখ করা হয়, রাফিয়ার মৃত্যুতে দল একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারালো। যা অপূরণীয় ক্ষতি। রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের একজন শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি অন্যায়, ফ্যাসিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে সক্রিয় অবস্থান গ্রহণ করেন। ক্যাম্পাসে সংঘটিত ফ্যাসিবাদবিরোধী ও আগ্রাসনবিরোধী বিভিন্ন আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয় ও অগ্রগণ্য, যা তার সংগ্রামী চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত।

দলীয় শোকবার্তায় আরও বলা হয়, এনসিপি মরহুমার রুহের মাগফিরাত কামনা করছে এবং মহান আল্লাহ্ তাআলার নিকট দোয়া করছে, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে রাফিয়া রাফির মৃত্যুতে শোকপ্রকাশ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়