স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের ঝিকরগাছা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৯ লাখ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং ও কুন্দিপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি জিয়াউর রহমান। তিনি বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে এবং বর্তমানে ঝিকরগাছার কুন্দিপুর এলাকায় বসবাস করছেন।
শুক্রবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই (নিঃ) সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস টিম নাভারণ এলাকায় অবস্থান নেয়।
সকাল পৌনে ১০টার দিকে কুন্দিপুর গ্রামের রেলক্রসিং এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জিয়াউর রহমানকে আটক করা হয়। এ সময় প্রাথমিক তল্লাশিতে তার পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তার কুন্দিপুরের বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে শয়নকক্ষের সানসেটের ওপর থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় ঘরের জুতার র্যাকের ভেতর থেকে ১৬ লাখ টাকা এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা মাদক বিক্রির অর্থ বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন আটক ব্যক্তি।
পুলিশ জানায়, আটক জিয়াউর রহমানের বিরুদ্ধে এর আগেও বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে।#
