নির্ভীক সাংবাদিক গোলাম মাজেদের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন
স্বাধীন কন্ঠ ডেস্ক
নির্ভীক, আপসহীন সাংবাদিকতা ও সত্যের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ হিসেবে পরিচিত দৈনিক রানারের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম মাজেদের ৪৩তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের কাঁসাপট্টি এলাকায় অবস্থিত দৈনিক রানার পত্রিকার কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, সাহিত্যিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে ছিল গভীর শোক ও শ্রদ্ধাবোধ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক রানারের ভারপ্রাপ্ত সম্পাদক আর এম কবীরুল আলম দীপু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, দৈনিক রানারের বার্তা সম্পাদক দেবু মল্লিক, যুগ্ম বার্তা সম্পাদক সালমান হাসান রাজিব এবং সাহিত্য সম্পাদক কবি মামুন আজাদসহ আরও অনেকে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চৌরাস্তা জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন এবং তাঁর পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন।
আলোচনা পর্বে বক্তারা বলেন, গোলাম মাজেদ ছিলেন এক সাহসী ও নীতিবান সাংবাদিক। যিনি সত্য প্রকাশে কখনো আপস করেননি। স্বৈরাচারী শাসনামলে তিনি নির্ভীকভাবে অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছিলেন। তার লেখনী ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। বর্তমান সময়ে তাঁর মতো সাহসী সাংবাদিকের অভাব অনুভূত হচ্ছে বলেও বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি একটি দায়িত্ব ও আদর্শের জায়গা। গোলাম মাজেদ সেই আদর্শকে ধারণ করে জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করে গেছেন। নতুন প্রজন্মের সাংবাদিকদের তাঁর জীবনাদর্শ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, তৎকালীন সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আপসহীন লেখালেখির কারণে গোলাম মাজেদ গ্রেপ্তার হন। কারাগারে তাঁর ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। যে নির্যাতন তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটায়।
১৯৮৪ সালের ৫ এপ্রিল গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর ৭ এপ্রিল তিনি যশোরে ফিরে আসেন। কিন্তু নির্যাতনের ক্ষত থেকে আর সুস্থ হয়ে উঠতে পারেননি। ১০ এপ্রিল সকালে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও বিকেল ৪টা ৩৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
গোলাম মাজেদের মৃত্যু দেশের সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হয়। তাঁর সাহসিকতা, নৈতিকতা ও আদর্শ আজও সাংবাদিক সমাজকে অনুপ্রাণিত করে যাচ্ছে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।#























