শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
Homeসারাদেশদক্ষিণ-পশ্চিমাঞ্চলনাসিরা আক্তার স্মরণে যশোরে দোয়া মাহফিল ও কোরআন খতম

নাসিরা আক্তার স্মরণে যশোরে দোয়া মাহফিল ও কোরআন খতম

স্বাধীন কন্ঠ ডেস্ক
সড়ক দুর্ঘটনায় নিহত দৈনিক বাংলার ভোর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের স্ত্রী মরহুমা নাসিরা আক্তারের স্মরণে যশোরে দোয়া মাহফিল, কোরআন খতম ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা যশোর শহরতলীর রঘুরামপুরস্থ বাগে জান্নাত কারিমীয়া কওমি মাদরাসায় এ আয়োজন করে বাংলার ভোর পরিবার। এতে আলেম-ওলামা, মাদরাসার শিক্ষার্থী এবং স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মরহুমা নাসিরা আক্তারের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তার স্বামী ও সন্তানের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বাংলার ভোর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, সিটি প্লাজা মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ। মোনাজাত পরিচালনা করেন মাদরাসার মুহতামিম মুফতী মাহাদী হাসান।

দোয়া শেষে বাংলার ভোর পরিবারের পক্ষ থেকে আলেম-ওলামা, মুসল্লি ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সবাই মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরে নিজ বাড়িতে ফেরার পথে নড়াইল সদরের সীমাখালি বাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন নাসিরা আক্তার। পরবর্তীতে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পবিত্র ঈদুল ফিতরের দিন ২১ মার্চ দুপুর ১টা ২৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

ওই দুর্ঘটনায় তার স্বামী মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম ও ছোট সন্তান ওয়াকিউল কবির ইবনে আমিন আহত হন। তারা বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন শুধু স্মরণ নয়, বরং মানবিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

এই বিভাগের আরো খবর

জনপ্রিয়