অভয়নগরে ট্রেনের ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের অভয়নগর উপজেলা-এ ট্রেনের ধাক্কায় করুণা কান্তি মন্ডল (৯০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে যশোর-খুলনা রেলপথের সরদার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত করুণা কান্তি মন্ডল যশোরের মণিরামপুর উপজেলা-এর আলীপুর গ্রামের উত্তরপাড়ার মৃত অমূল্য রতন মন্ডলের ছেলে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০টার দিকে সরদার মিল এলাকায় এক বৃদ্ধ রেললাইনে হাঁটছিলেন। এ সময় যশোরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে গৌর কান্তি মন্ডল জানান, তার বাবা মণিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অবসর গ্রহণের পর তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং কয়েকবার নিখোঁজও হয়েছিলেন। শনিবার সকাল ৭টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেলা ১২টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে তিনি বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাসিফ সাঈদ জানান, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানোর প্রস্তুতিকালে তিনি মারা যান।
এ বিষয়ে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত বলেন, সকাল ১০টার দিকে যশোরগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।#

























