যশোরে সংবাদ সম্মেলনে তরুণীর অভিযোগ প্রতারণা, চাঁদাবাজি ও মানহানি
স্বাধীন কন্ঠ ডেস্ক
প্রতারণা, চাঁদাবাজি ও মানহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সামিয়া আফরুজ শান্তি নামে এক তরুণী। রোববার সকালে প্রেসক্লাব যশোর-এর হলরুমে পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে সামিয়া আফরুজ শান্তি অভিযোগ করেন, পারিবারিক কিছু ভুল বোঝাবুঝি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে একটি চক্র তার ব্যক্তিগত ছবি ও তথ্য অপব্যবহার করে। তিনি দাবি করেন, ওই চক্র পরিকল্পিতভাবে তাকে ব্যবহার করে তার আত্মীয় রাফসান নামের এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির চেষ্টা চালায়।
তিনি জানান, প্রথমদিকে বিষয়টি না বুঝে তিনি তাদের কথায় প্রভাবিত হন। পরবর্তীতে তাকে ভয়ভীতি দেখিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা। ভিডিও সাক্ষাৎকার দেওয়া এবং বিভিন্ন মিথ্যা তথ্য প্রচারে বাধ্য করা হয়। একপর্যায়ে তাকে বিভ্রান্ত করে যশোরে এনে কয়েকদিন আটকে রাখা হয় বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কিছু ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে এই চক্রের সঙ্গে যুক্ত হয়ে তার ও তার পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। তিনি বলেন, আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি এবং এক পর্যায়ে আত্মহত্যার চেষ্টাও করেছি।
তিনি জানান, পরবর্তীতে পরিবারের সহায়তায় বাড়িতে ফিরে এসে বিভিন্ন কল রেকর্ড, বার্তা ও প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে পুরো ঘটনাটি বুঝতে পারেন।
সংবাদ সম্মেলনে সামিয়া আফরুজ শান্তি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

























