নড়াইলে জমিজমা বিরোধে খুনের হুমকির অভিযোগ, আদালতে মামলা
নড়াইল প্রতিনিধি
নড়াইলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে খুনের হুমকির অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭ ধারায় টুলু কুমার মৈত্র ও সুকান্ত মৈত্র নামে দুই ভাইকে আসামি করা হয়েছে।
মামলার বাদী তুহিন কুমার দাস জানান, গত ১ এপ্রিল সন্ধ্যার পর দেবভোগ গ্রামে তার মাসির বাড়িতে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা একই গ্রামের মৃত অশেক মৈত্রর দুই ছেলে টুলু মৈত্র (৪০) ও সুকান্ত মৈত্র (৩৬) রামদা, হাতুড়ি ও লোহার রড নিয়ে তার ওপর হামলার চেষ্টা করে। তবে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তারা হামলা না করে খুনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
তুহিন কুমার দাস বলেন, তার মাসির কোনো সন্তান না থাকায় তিনি নিয়মিত খোঁজখবর নিতে সেখানে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে টুলু ও সুকান্ত তার মাসির সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ করে আসছে এবং প্রায়ই তাদের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। ঘটনার দিন স্থানীয়দের সহযোগিতায় তিনি প্রাণে রক্ষা পান।
ঘটনার প্রত্যক্ষদর্শী বিনা মৈত্র বলেন, “তুহিন আমার বোনের ছেলে হলেও আমি তাকে নিজের সন্তানের মতো দেখি। সেদিন আমরা উপস্থিত না থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। অভিযুক্তদের হাতে ধারালো অস্ত্র ছিল এবং তারা আমার সম্পত্তি দখলের চেষ্টা করছে।” তিনি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
মামলার সাক্ষী হিসেবে উল্লেখিত দেবভোগ গ্রামের জহুরুল ইসলাম ও শেখহাটি গ্রামের সোহেলও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
অভিযুক্ত সুকান্ত মৈত্র অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করবেন বলে জানান।

























