নারীদের রান্নার কষ্ট লাঘবে এবার ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাধীন কন্ঠ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সাধারণ ও নারী প্রধান পরিবারগুলোর জন্য ‘এলপিজি কার্ড’ প্রদানের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শায় ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় তিনি এই জনকল্যাণমুখী উদ্যোগের কথা জানান।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের নারী সমাজের প্রতি বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “মা-বোনদের রান্নাবান্নার কাজে অনেক কষ্ট করতে হয়, তা সে গ্রামেই হোক বা শহরে। আমরা যেমন সারা দেশের মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, ঠিক তেমনি এবার ‘এলপিজি কার্ড’ পৌঁছে দেব। এর মাধ্যমে এলপিজি গ্যাস সুবিধা নিশ্চিত করা হবে যাতে করে রান্নাবাড়ির জন্য মা-বোনদের আর কষ্ট করতে না হয়।”
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খালের স্মৃতি চারণ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, বিএনপি ক্ষমতায় এসে সরকার গঠন করলে শহীদ জিয়ার সেই ঐতিহাসিক খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করব।”
জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও কৃষি বিপ্লবের লক্ষ্যে প্রধানমন্ত্রী এক বিশাল কর্মপরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ৫ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ, কৃষক এবং তরুণ সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।খাল খননের ফলে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং মৎস্য চাষের মাধ্যমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।
এর আগে দুপুর ১২টার দিকে তিনি শার্শার উলাশী-যদুনাথপুর খালের পুনঃখনন কাজের ফলক উন্মোচন করেন। এ সময় তাঁর সাথে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে কেন্দ্র করে পুরো যশোর জেলাজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।























