শার্শায় ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেল লুট, আটক ১
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের শার্শা উপজেলার মাটিপুকুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও দুটি মোটরসাইকেল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রবি হোসেনকে আটক এবং লুট হওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক ৩টার দিকে রবি হোসেনসহ অজ্ঞাত আরও ২/৩ জন ইয়াকুব আলীর বাড়িতে প্রবেশ করে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে তারা বাড়ির দেয়ালে ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং দরজা ভেঙে ঘরে প্রবেশ করে একটি পালসার ও একটি হিরো স্প্লেন্ডার মোটরসাইকেল নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বেনাপোল এলাকা থেকে রবি হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে লুট হওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পুকুর খননকে কেন্দ্র করে ইয়াকুব আলী ও রবি হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এছাড়া রবি হোসেন ভুক্তভোগীর কাছে প্রায় দুই লাখ টাকা পাওনার দাবিও করে আসছিল বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
























