শার্শায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের শার্শা উপজেলায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে উপজেলার খাজুরা গ্রামের কেবি ইটভাটার সামনে নাভারন-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক শাহীনুর রহমান (৩৫) ও আরোহী তোজাম্মেল হোসেন (৪২)। শাহীনুর রহমান উলশি খালপাড় গ্রামের জুলফিকার সিদ্দিকের ছেলে এবং তোজাম্মেল হোসেন একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নাভারন থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-২০-৭৪৪২) এর সঙ্গে উলশি থেকে নাভারনগামী একটি প্লাটিনা মোটরসাইকেলের (সাতক্ষীরা হ-১৩-৮১৬৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহীনুর রহমান নিহত হন।
গুরুতর আহত অবস্থায় তোজাম্মেল হোসেনকে উদ্ধার করে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

























