যশোরে সাড়ে ৪ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্বাধীন কন্ঠ ডেস্ক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের মাদকবিরোধী অভিযানে ৪ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া মধ্যপাড়া গ্রামের মোঃ ইমরান হোসেন (৩৯)। তিনি হবিবর রহমানের ছেলে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে যশোর কোতোয়ালী মডেল থানাধীন চাঁচড়া ইউনিয়নের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ মাঠপাড়া এলাকার আবুল গাজীর মোড়ে অভিযান চালানো হয়।
অভিযানকালে ইমরান হোসেনের ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় একটি মোটরসাইকেল ও একটি বাটন ফোনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা।
























