চৌগাছায় ২১১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের চৌগাছা উপজেলার মৃধাপাড়া এলাকা থেকে ২১১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-৩, যশোরের একটি আভিযানিক দল।
শুক্রবার (১৫ মে) ভোর ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানাধীন মৃধাপাড়া মহিলা কলেজ গেটের সামনে চেকপোস্ট পরিচালনা করে র্যাব। এসময় ঝিনাইদহের মহেশপুর থেকে যশোরগামী একটি সন্দেহজনক সাদা প্রাইভেটকার তল্লাশি করে ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শ্রী চিরঞ্জিৎ (২৮), পিতা- ফুলচাঁন, সাং- কাগমারী এবং মো. বাবলুর রহমান (৪৪), পিতা- মৃত শুকুর আলী, সাং- মোহাম্মাদপুর। তারা উভয়েই যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাইভেটকারটির পেছনের ডালার ভেতরে সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ২১১ বোতল ফেন্সিডিল (Wincerex) পাওয়া যায়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের জব্দকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
























