শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
রিপন বিশ্বাস, নড়াইল
শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত এক চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) নড়াইল শাখা।
সারা দেশের ন্যায় নড়াইলেও আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও কর্মচারীরা অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন বিপিএইচসিডিএ নড়াইল শাখার সভাপতি বিদ্যুৎ কুমার সার্নাল, সাধারণ সম্পাদক এস এম সাজ্জাদ রহমান, কালিয়া উপজেলা শাখার সভাপতি ডি. মোতালেবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, শরীয়তপুরে একজন চিকিৎসকের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা দেশের স্বাস্থ্যসেবার জন্য অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক ঘটনা। তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে। তাই চিকিৎসকদের কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

























