যশোরে কৃষক দল নেতার বিরুদ্ধে হামলা ও অনিয়মের অভিযোগ, শোকজ
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মহসিন আলী-এর বিরুদ্ধে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দলীয়ভাবে শোকজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।
জানা গেছে, গত ২৭ মে সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসূল মহসিন আলীর বিরুদ্ধে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে জেলা ও উপজেলা বিএনপির নেতাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর দলীয়ভাবে মহসিন আলীকে শোকজ করা হয়।
লিখিত অভিযোগে বলা হয়, গত ২৬ মে বিকেলে মসজিদে আজান দেওয়া নিয়ে গোলাম রসূলের ছোট ভাইয়ের সঙ্গে একই গ্রামের এক ব্যক্তির বাকবিতণ্ডা হয়। এর জের ধরে ফরিদপুর পুরাতন বাজার এলাকায় মহসিন আলীর নেতৃত্বে গোলাম রসূল ও তার ভাতিজা হান্নান বিশ্বাসের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, আহতদের স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়।
গোলাম রসূলের অভিযোগ, ঘটনার পরদিন অভিযুক্ত পক্ষ তার বাড়ির সামনে গিয়ে পুনরায় হত্যার হুমকি দেয়। পাশাপাশি মহসিন আলীর বিরুদ্ধে স্থানীয় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ, শালিশের নামে আর্থিক লেনদেন, সরকারি সুবিধা বিতরণে অনিয়ম এবং দলীয় প্রভাব খাটানোর অভিযোগও তোলা হয়েছে।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, পদ-পদবীর প্রভাব ব্যবহার করে ৯ নম্বর ওয়ার্ডে সরকারি অনুদানের চাল, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার কার্ড পরিবারকেন্দ্রিকভাবে বিতরণ করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগকারীর দাবি।
ভুক্তভোগী ইউসুফ আলী অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার কথা বলে তার ছেলে পলাশের মাধ্যমে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছিল। অপরদিকে জাকির হোসেন দাবি করেন, বঙ্গবাসী সমিতির নামে তার কাছ থেকে ৪০ হাজার টাকা নেওয়া হয়েছিল, যদিও পরে সেই টাকা ফেরত দেওয়া হয়।
আরেক স্থানীয় ব্যক্তি সুলতান অভিযোগ করেন, তাকে বাজারে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। রাজনৈতিক প্রভাবের কারণে সে সময় তিনি প্রতিবাদ করতে পারেননি বলেও জানান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মহসিন আলী। তিনি বলেন, আমার বিরুদ্ধে দলীয়ভাবে অভিযোগ দেওয়া হয়েছে, বিষয়টি আমি জানি। রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সুষ্ঠু তদন্ত হলে সত্য বেরিয়ে আসবে।
এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, মহসিন আলীকে প্রাথমিকভাবে শোকজ করা হয়েছে। তার জবাব পাওয়ার পর অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়গুলো রাজনৈতিক মহল ও প্রশাসনের পক্ষ থেকেও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হতে পারে।

























