যশোরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর সদর উপজেলার শেখহাটি তমালতলায় স্ত্রী ছামিনা আক্তারকে হত্যার ঘটনায় কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা শফিকুল ইসলাম সোমবার রাতে জামাতা সুজনকে আসামি করে মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন। তিনি জানান, ঘটনার পর অভিযুক্তের বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৫টার দিকে শেখহাটি তমালতলা এলাকার নিজ বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ছামিনা আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করেন সুজন। ঘটনার পর তিনি নিজের শরীরেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
গুরুতর আহত অবস্থায় সুজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুলিশি প্রহরায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, চিকিৎসা শেষে সুজনকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

























