যশোর সীমান্তে ৬ লাখ ৩৩ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, শাল-চাদর ও বিপুল পরিমাণ কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৮ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহল দল এবং বেনাপোল বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করেন।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৫১টি শাড়ি, ২২টি থ্রি-পিস, ৪টি শাল-চাদর এবং ৩৯৫টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী। বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার ফলে বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
























