নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে এবং ভবিষ্যতেও সুযোগ তৈরি হলে ধাপে ধাপে জ্বালানির মূল্য কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার দুপুরে যশোর সার্কিট হাউসে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশে ব্যবহৃত এলপিজির প্রায় ৯৮ শতাংশ আমদানিনির্ভর এবং এ খাত পুরোপুরি বেসরকারি পর্যায়ে পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দেশের ভোক্তারাও এর প্রভাব অনুভব করেছেন। তবে বৈশ্বিক বাজারে মূল্য কমতে শুরু করায় সরকারও দ্রুত মূল্য সমন্বয়ের উদ্যোগ নিয়েছে।
ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ বিভাগ নিরলসভাবে কাজ করছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগের বিষয়ে প্রতিটি বিদ্যুৎ অফিসে তাৎক্ষণিক অভিযোগ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে এবং দ্রুত সমস্যা সমাধানের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রাহকদের সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এর আগে সকালে যশোর উপশহরে সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার’স অফিস, যশোর এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক আকারে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে।
সোনালী ব্যাংক যশোর অঞ্চলের আঞ্চলিক প্রধান ইকবাল কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংকের করপোরেট শাখার ডিজিএম মনিরুল ইসলাম, এজিএম মশিয়ার রহমান এবং জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Reporter Name 























