অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আর্জেন্টিনার নারী সমর্থক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের জুয়াবিরোধী বিশেষ অভিযানে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে রুনা পারভীন (২৮) নামের আর্জেন্টিনার এক নারী সমর্থককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন আইএমইআই নম্বর ও সিম কার্ডসংবলিত দুটি দামি স্মার্টফোন উদ্ধার করা হয়।
গত রোববার (১৯ জুলাই) রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। গ্রেফতারকৃত রুনা পারভীন ওই গ্রামের নুরুল আমিনের মেয়ে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বসতবাড়িতে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও ই-ট্রানজেকশনের মাধ্যমে নিষিদ্ধ অনলাইন বেটিং সাইট ব্যবহার করে জুয়ার কারবার চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীনের নেতৃত্বে অভিযান চালানো হয়। রাত সাড়ে ৯টার দিকে অভিযানকালে অন্যরা পালিয়ে গেলেও রুনা পারভীনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন। আজ সোমবার (২০ জুলাই) দুপুরে রুনা পারভীনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

























