শেখ হাসিনার ফাঁসি ও সঙ্গীদের শাস্তির দাবিতে ২৫ জুলাই যশোরে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ
নিজস্ব প্রতিবেদক
ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ২৫ জুলাই (শনিবার) যশোরে গণসমাবেশের ডাক দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। ওই দিন বেলা সাড়ে ৩টায় শহরের চৌরাস্তা মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) যশোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোস্তফা আমীর ফয়সাল বলেন, গত সাত দিন আগে সমাবেশের তারিখ ঘোষণার পর থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সকল সাংগঠনিক ইউনিট জোর প্রস্তুতিমূলক সভা সম্পন্ন করেছে। এ গণসমাবেশ নিয়ে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আশা করছি, নিকট অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি মানুষের সমাগমে এটি একটি জনসমুদ্রে পরিণত হবে।
তিনি আরও জানান, ছুটির দিনে চৌরাস্তা মোড়ের মতো জনগুরুত্বপূর্ণ স্থানে সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় চলাচলে কিছুটা সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সেজন্য দল ও আয়োজকদের পক্ষ থেকে তিনি আগেই সর্বসাধারণের কাছে দুঃখ প্রকাশ করেন এবং ফাঁসিপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবি আদায়ে গণসমাবেশটি সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। এছাড়া বিশেষ বক্তা হিসেবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, যুগ্ম আহ্বায়ক শামীম আক্তার, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য রাজু আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

























