নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বড় বাজারে অভিযান চালিয়ে অবৈধ ও পরিবেশবিধ্বংসী ‘চায়না দুয়ারি’ জাল মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জব্দ করা প্রায় ৮০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিউল আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের বড় বাজারে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিক্রির উদ্দেশ্যে অবৈধ জাল মজুত রাখার অপরাধে বারান্দীপাড়া এলাকার সুজন পালকে ২০ হাজার টাকা এবং বেজপাড়া এলাকার সুভাল পালকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে জব্দকৃত প্রায় ৮০০ মিটার চায়না দুয়ারি জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট মৎস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে তা ধ্বংস করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ ও পরিবেশবিধ্বংসী চায়না দুয়ারি জালের ব্যবহার ও বাণিজ্য বন্ধ করা, ব্যবসায়ীদের সচেতন করা এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য।
তারা আরও উল্লেখ করেন, এই সূক্ষ্ম জাল নির্বিচারে ছোট-বড় সব ধরনের মাছ, পোনা এবং অন্যান্য জলজ প্রাণী আহরণ করে। এতে প্রাকৃতিক মৎস্যসম্পদের মারাত্মক ক্ষতির পাশাপাশি জলজ জীববৈচিত্র্যের ওপর চরম হুমকি সৃষ্টি হয়। দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় ও জলজ পরিবেশ বজায় রাখতে পরবর্তীতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Reporter Name 





















