চৌগাছা কাঁচাবাজারে মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা কাঁচাবাজারে নির্মাণাধীন মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতারা। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে বর্তমান নির্ধারিত স্থানের বদলে বিকল্প স্থানে মসজিদ নির্মাণের জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক সমিতির সভাপতি মো. শফি উদ্দিন। তিনি বলেন, বর্তমানে যে স্থানে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে মসজিদ হলে কাঁচাবাজারের বহু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান চরম ক্ষতিগ্রস্ত হবে। তবে মসজিদটি যদি আগে নির্ধারিত স্থানে না করে ‘পার্বনিক লাইব্রেরি’র পেছনে একই মালিকানাধীন অন্য একটি দাগে নির্মাণ করা হয়, তাহলে বাজারের প্রায় ১২০টি দোকান আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।
ব্যবসায়ী নেতারা জানান, ২০১৪ সালে ধর্ম মন্ত্রণালয় থেকে এই মডেল মসজিদ নির্মাণের জন্য বরাদ্দ এলেও ব্যবসায়িক এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় এতদিন নির্মাণকাজ শুরু করা যায়নি। তাছাড়া, এ বিষয়ে উচ্চ আদালত থেকে ইতোমধ্যে তিন মাসের স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেওয়া হয়েছে বলেও সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বক্তারা বলেন, বর্তমান নির্ধারিত স্থানে মসজিদ নির্মাণ করা হলে হাজারো ব্যবসায়ী ও তাঁদের পরিবারের জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়বে। পাশাপাশি একটি পক্ষ বিষয়টি নিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। এছাড়া বাজারের কিছু দোকান নির্মাণের নামে ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা বা অর্থ আদায় করা হয়েছে বলে অভিযোগ তুলে তাঁরা এ বিষয়ে প্রশাসনের দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ব্যবসায়ীদের রুজি-রোটি ও প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে মডেল মসজিদটি বিকল্প স্থানে নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁচাবাজারের ইজারাদার আতিকুর রহমান লেন্টু, ব্যবসায়ী নেতা আবু মুসা, মোহাম্মদ আলী, আনিসুর রহমান, মোহাম্মদ বিল্লাল, শেখ মোহাম্মদ তুহিন, সাইফুল্লাহসহ আরও অনেকে।

























