যশোরে জুলাই যোদ্ধা সংগঠনের ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে ১০ দফা দাবিতে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ‘জুলাই যোদ্ধা সংগঠন’, যশোর জেলা শাখা। মঙ্গলবার অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক আহাদ হোসাইন।
লিখিত বক্তব্যে আহাদ হোসাইন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। সংবাদ সম্মেলন থেকে জুলাই গণহত্যার বিচার নিশ্চিতকরণ, গণভোটের গণরায়ের ভিত্তিতে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসনের দাবি জানানো হয়।
তিনি দেশজুড়ে চলমান মব সন্ত্রাস বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বিরোধী দল দমনে রাজনৈতিক দমন-পীড়নের সংস্কৃতি পরিহারের আহ্বান জানান। একই সঙ্গে জুলাইপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বজায় রাখতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন।
সংবাদ সম্মেলনে আরও দাবি জানানো হয়, আন্দোলনকালে অগ্নিদগ্ধ হয়ে নিহত ব্যক্তিরা (যাঁরা বিগত সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না) তাঁদের ‘শহীদ’ মর্যাদা প্রদান ও ঘোষিত সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানকে কোনো একক রাজনৈতিক দল যেন কুক্ষিগত করতে না পারে, সে বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা জুলাই যোদ্ধা ও শহীদদের প্রকাশিত গেজেট পুনরায় যাচাই-বাছাই করে ভুয়া নাম বাতিলের জোর দাবি জানান। এ ছাড়া সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে প্রকৃত উপকারভোগীদের হাতে তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব, জুলাই শহীদ আব্দুল্লাহ ইবনে শহীদের মা রওশনারা, শহীদ আরবার মানসুন নীলের মা জেসমিন আক্তার এবং আবিদ হাসানসহ স্থানীয় জুলাই যোদ্ধারা।

























