যশোরে পিস্তল উঁচিয়ে গুলি করার চেষ্টা; থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের পতেঙ্গালী এলাকায় পূর্ব শত্রুতা ও পাওনা টাকাকে কেন্দ্র করে আরিফুল আলম (৪৫) নামের এক ব্যক্তিকে অস্ত্র উঁচিয়ে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে পতেঙ্গালী এরেন্দা ফাঁকা মাঠে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী আরিফুল আলম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় ২ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, পতেঙ্গালী গ্রামের মমিনুর রহমানের ছেলে রাব্বি হোসেন (২০) এবং একই এলাকার মোসাদ্দেক হোসেন লিন্টুর ছেলে জয়নাল হোসেন শান্ত (২৫)।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে এরেন্দা ফাঁকা মাঠে রাব্বির সাথে আরিফুল আলমের দেখা হয়। এ সময় রাব্বি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার উদ্দেশ্যে পকেট থেকে একটি পিস্তল বের করে গুলি করার উদ্যত হয়। আত্ম রক্ষার্থে আরিফুল আলম তাৎক্ষণিক রাব্বিকে জড়িয়ে ধরলে ধস্তাধস্তির একপর্যায়ে পিস্তল থেকে ৪টি তাজা গুলি নিচে পড়ে যায়। পরবর্তীতে তিনি সেখান থেকে কোনোমতে জীবন বাঁচিয়ে বাড়িতে ফিরে আসেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পেছনের মূল অস্ত্র সরবরাহকারী হিসেবে ২ নং অভিযুক্ত জয়নাল হোসেন শান্ত জড়িত। যিনি এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে আসছিলেন।
ভুক্তভোগী আরিফুল আলম জানান, ঘটনার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্তরা যেকোনো সময় তাঁর বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছেন। অভিযুক্তরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ছাত্রলীগের সক্রিয় ক্যাডার।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার পুলিশ জানায়, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

























