শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী আটক
নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
বুধবার শার্শা উপজেলার মহিষা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মকছেদ আলী ওই গ্রামের মৃত কোরবান আলী মোড়লের ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিশু স্কুল শেষে বাড়ি ফিরে চাচার বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী মকছেদ আলী তাকে টাকার প্রলোভন দেখিয়ে মহিষা গ্রামের আনারুলের ঘেরের পূর্ব পাশের পাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা শেষে শিশুটিকে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় অভিযুক্ত। ভয়ে শিশুটি প্রথমে ঘটনাটি গোপন রাখলেও পরে অসুস্থ হয়ে পড়লে এক প্রতিবেশী খালাকে বিষয়টি জানায়।
ঘটনা জানতে পেরে শিশুটির বাবা বাদী হয়ে শার্শা থানায় একটি এজাহার দাখিল করেন। পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে নিয়মিত মামলা রুজু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ভুক্তভোগী শিশুটির বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত মকছেদ আলীকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

























