যশোরে বিষাক্ত পদার্থ পানে কলেজছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
যশোরে পারিবারিক কলহের জেরে বিষাক্ত পদার্থ পান করে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কিশোরী (১৭) যশোর সদর উপজেলার কাশিমপুর এলাকার বাসিন্দা এবং যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে বিষাক্ত পদার্থ পান করে ওই কিশোরী। টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
পরবর্তীতে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

























