যশোরে কোডিনযুক্ত উইনসেরেক্স ও এসকাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে ১০৫ বোতল উইনসেরেক্স ও ৮০ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ যশোর। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন শংকরপুর জমাদারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো. মশিউল আলম (৫৫) ও মোছা. আকলিমা খাতুন (৪৩)। তারা দুজনই যশোর কোতোয়ালী মডেল থানার শংকরপুর জমাদারপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তাদের একটি চৌকস আভিযানিক দল শংকরপুর জমাদারপাড়া এলাকায় অভিযান চালায়। উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতদের কাছে রক্ষিত বিপুল পরিমাণ অবৈধ চেতনানাশক সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. ফজলে রাব্বি প্রিন্স জানান, নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত অপরাধী গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধ দমনে র্যাবের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
























