যশোরে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষ: ঢাকায় নেওয়ার পথে নিহত ২ যুবক
নিজস্ব প্রতিবেদক
যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় যশোর থেকে ঢাকায় নেওয়ার পথে শুক্রবার (২৮ আগস্ট) রাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন—যশোরের ঝুমঝুমপুর-বালিয়াডাঙ্গা এলাকার আজাদের ছেলে শাওন (২৫) এবং হামিদপুর এলাকার মৃত আবুলের ছেলে মিল্লাদ (২৬)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা রাতে শাওন ও মিল্লাদ মোটরসাইকেল যোগে যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট বাজার কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই সড়ক ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
নিহতদের স্বজনরা জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের শারীরিক অবস্থার চরম অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রুত ঢাকায় রেফার করেন। পরে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে নড়াইলে পৌঁছালে মিল্লাদ এবং গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় পৌঁছালে শাওনের মৃত্যু হয়। স্বজনরা তাদের মরদেহ উদ্ধার করে যশোরে ফিরিয়ে আনেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ঘাতক অ্যাম্বুলেন্সটি দ্রুত পালিয়ে যায়। যানটি শনাক্ত ও দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

























