প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্টুন পোস্ট করায় অভয়নগরে যুবক আটক
নিজস্ব প্রতিবদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্টুন বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে যশোরের অভয়নগরে মো. রবিউল ইসলাম (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) উপজেলার শুভরাড়া ইউনিয়নের লেবুগাতি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক রবিউল ইসলাম লেবুগাতি গ্রামের মৃত হাতেম আলী শেখের ছেলে। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন এবং খুলনার আঞ্চলিক দৈনিক ‘দৈনিক ফুলতলা প্রতিদিন’-এর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি রবিউল তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি আপত্তিকর কার্টুন পোস্ট করেন। পোস্টটি নজরকাড়লে স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। সমালোচনার মুখে পরবর্তীতে তিনি পোস্টটি সরিয়ে নেন এবং ক্ষমা চেয়ে নতুন একটি বার্তা দেন। উক্ত বার্তায় তিনি লেখেন, প্রিয় ফেসবুক বন্ধুগণ ও শুভাকাঙ্ক্ষীগণ, সম্প্রতি আমার একটি পোস্ট নিয়ে কিছু বিতর্ক ও সমালোচনা হয়েছে। যদিও কাউকে ব্যক্তিগতভাবে আহত করার উদ্দেশ্যে আমার ছিল না। আমি সেই পোস্টের জন্য নিঃশর্তভাবে ক্ষমা চাই।
এ বিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে রবিউল ইসলামকে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

























