যশোর সীমান্তে ৯ লক্ষ টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি
নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ । রোববার (৩০ আগস্ট) যশোর ব্যাটালিয়নের ৪৯ বিজিবি অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্তবর্তী এলাকায় এ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় ৮০টি শাড়ি, ৯৭ কেজি ফুসকা, ২.৫ কেজি জিরা, ৪৭টি চকলেট, ৩ কেজি কিসমিস, ৪ প্যাকেট সনপাপড়ী, ৯টি চাটনী, ৬ প্যাকেট পেস্তাবাদাম এবং ৪৪৩টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব মালামাল জব্দ করা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতেও বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

























