যশোরে শিশু ধর্ষণ মামলার আসামি সোহাগের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
যশোরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি সোহাগের সর্বোচ্চ শাস্তি ও ভুক্তভোগী পরিবারের সার্বিক নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সামনে রায়মানিক সরদারপাড়া এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্য, স্থানীয় অধিবাসী এবং সাধারণ পথচারীরা সংহতি জানিয়ে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাটি ঘটে যাওয়ার পর অভিযুক্ত সোহাগ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মূল আসামি কারাগারে থাকলেও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নিতে ক্রমাগত হুমকি ও মানসিক চাপ সৃষ্টি করছে। মামলা প্রত্যাহার না করলে ভুক্তভোগী পরিবারের সদস্যদের হত্যা ও পুনরায় ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলেও মানববন্ধনে জানানো হয়।
কর্মসূচি থেকে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে নিরপেক্ষ ও সুষ্ঠু বিচারের জোর দাবি জানানো হয়। একই সঙ্গে প্রভাবশালী চক্রের অব্যাহত হুমকিতে চরম আতঙ্কে থাকা ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

























