যশোরে ২৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবাসহ সিরাজুল ইসলাম রিপন নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সিরাজুল ইসলাম রিপন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া নাভারণ পশ্চিমপাড়ার নজরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে বুরুজবাগান এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
রোববার রাতে কোতোয়ালি থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান নিয়ে এক ব্যক্তি ঝুমঝুমপুর এলাকায় অবস্থান করছেন। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার এসআই সাইফুল ইসলাম ও এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে তাৎক্ষণিক অভিযান চালায়।
অভিযানকালে সিরাজুলকে আটক করে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি চালানো হলে ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এই চালানের মূল উৎস, গন্তব্য এবং এর সাথে অন্য আর কারা জড়িত তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। আটককৃতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
























