শার্শায় দুই শিশুসন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটের দিকে শার্শা থানাধীন চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের নিজের বসতবাড়িতে এ ঘটনা ঘটান তিনি। নিহত কামাল হোসেন ওই গ্রামের মৃত নেদন আলীর ছেলে।
স্থানীয় ও প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত কামাল হোসেনের একাধিক বিয়ে ও মোট সাতটি সন্তান ছিল। আগের দুই স্ত্রীর সঙ্গে আগেই তাঁর বিচ্ছেদ হয়। পরবর্তীতে নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় এক সপ্তাহ আগে তাঁর তৃতীয় স্ত্রীও দুই সন্তানকে ফেলে রেখে নড়াইলে নিজের বাবার বাড়িতে চলে যান।
পারিবারিক এই টানাপোড়েনের জের ধরে কামাল হোসেন তাঁর তৃতীয় স্ত্রীর ঘরের দুই শিশুসন্তান—সাবির (৫) ও জাবিরকে (আড়াই বছর) গলায় ফাঁস দিয়ে হত্যা করেন। দুই সন্তানকে হত্যার পর তিনি নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করে।
এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার পেছনের সুনির্দিষ্ট কারণ ও পারিবারিক বিরোধের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।

























