অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্ত্রী-মেয়েসহ ৩ জন পুলিশ হেফাজতে
নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে জাফর ইকবাল (৩৫) নামের এক ভ্যানচালকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড। ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের মা।
ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একইসঙ্গে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নিরাপত্তার স্বার্থে নিহতের স্ত্রী, মেয়ে ও শ্যালিকাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত জাফর ইকবাল একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকার মৃত আব্দুল ওহাব সরকারের ছেলে।
নিহতের স্ত্রী বিলকিছ বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক সামান্য বিষয় নিয়ে তাঁর স্বামীর সঙ্গে ঝগড়া হয়। এরপর ক্ষোভে ঘর থেকে বের হয়ে আর ফেরেননি জাফর ইকবাল। বুধবার সকালে ঘরের দরজা খুললে বারান্দার আড়ার সঙ্গে রশি পেঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
তবে আত্মহত্যার এই দাবিকে নাকচ করে নিহতের মা সেলিনা বেগম অভিযোগ করেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনা ভিন্নখাতে মোড় নিতেই গলায় রশি পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী বিলকিছ বেগম (২৫), মেয়ে ফাতেমা খাতুন (১৫) এবং স্ত্রীর বড় বোন খাদিজা বেগমকে (৩৫) থানা হেফাজতে নেওয়া হয়েছে।

























