মিথ্যা অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
একটি স্বার্থান্বেষী চক্রের মিথ্যা অপপ্রচার, পথরোধ করে চাদাবাজি ও সার ছিনতাই চেষ্টার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন যশোরের চৌগাছার মেসার্স শয়ন ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বিসিআইসি সার ডিলার আতিকুর রহমান সেন্টু।
শনিবার (৫ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে আতিকুর রহমান সেন্টু বলেন, তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে চৌগাছা বাজারে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে তাঁর এবং তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে আসছে।
তিনি আরও অভিযোগ করেন, চক্রটি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চক্রান্তে লিপ্ত। তারা রাস্তাঘাটে বিসিআইসির অনুমোদিত সার ডিলারদের সরকারি নির্ধারিত মূল্যে বিক্রয় করা এবং বৈধ ক্যাশমেমোসহ বহনকারী সারবাহী গাড়ি আটকে মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। এমনকি তারা জোরপূর্বক সার ছিনতাইয়ের চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।
সার সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করে আতিকুর রহমান সেন্টু বলেন, এই চক্রের অপতৎপরতা অবিলম্বে বন্ধ করা না গেলে সামনে চৌগাছা উপজেলাজুড়ে তীব্র সার সংকট তৈরি হতে পারে, যা স্থানীয় কৃষকদের চরম ভোগান্তিতে ফেলবে।
এই উদ্ভূত পরিস্থিতিতে চৌগাছায় সার সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করেছেন এই ব্যবসায়ী।

























