যশোরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন উপলক্ষে শহরে আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যশোর জেলা শাখার নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শহরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে শহরের বকুলতলাস্থ ‘জুলাই চত্বর’ থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি দড়াটানা ও শহরের গুরুত্বপূর্ণ চৌরাস্তা প্রদক্ষিণ করে যশোর প্রেসক্লাবের দিকে এগিয়ে যায় এবং সিভিল কোর্ট মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলজুড়ে নেতাকর্মীরা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে এবং দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি কর্তৃক অনুমোদিত এই তালিকায় নূরজ্জামানকে যশোর জেলা এনসিপির আহ্বায়ক এবং ড. শহীদুল ইসলাম জাবিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া মনিরুজ্জামান (আজাদ) সদস্যসচিব ও ইঞ্জি. আরিফ জামান সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন, শাহজাহান কবীর, আসাদুজ্জামান বাবুল, সোহেল রানা বাবু, বোরহান উদ্দিন, আবুল কাসেম, সোহানুর রহমান শাহীন, আব্দুল আলীম, আলী সোহেব, ইউসুফ আলী রিপন, আব্দুল্লাহ আল নাদিম ও জায়া জাকির। যুগ্ম সদস্যসচিব পদে মনোনীত হয়েছেন সাজিদ সারোয়ার, ফরহাদ হোসেন, মারুফ হাসান শুভ্র এবং আসমা খাতুন।
কেন্দ্রীয় অনুমোদনপত্রের নির্দেশনায় উল্লেখ করা হয়, এই আংশিক আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে জেলা শাখাটিকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে কেন্দ্রীয় দপ্তরে জমা দেবে। উল্লেখ্য, গত ৯ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনের মাধ্যমে জেলা এনসিপির এই নতুন সাংগঠনিক যাত্রা শুরু হয়।
আনন্দ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে দলীয় নেতৃবৃন্দ বলেন, নতুন এই কমিটি অনুমোদনের মাধ্যমে যশোরে এনসিপির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী ও গতিশীল হবে। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করে জনগণের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

























