যশোরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ
নিজস্ব প্রতিবেদক
যশোরের কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতার পৃথক মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী ও যুবলীগের এক কর্মীসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। রবিবার বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, মণিরামপুর উপজেলার নোয়ালি জোলাপাড়া এলাকার শাহীনুর রহমানের ছেলে ফেরদৌস হোসেন ও কেশবপুর উপজেলার রঘুরামপুর গ্রামের জালাল খানের ছেলে জাহাঙ্গীর আলম রকি। তাঁরা দুজনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। এছাড়া অন্যজন হলেন যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোল্লাপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে যুবলীগ কর্মী জিল্লুর রহমান জুয়েল।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত রকি ও ফেরদৌসের বিরুদ্ধে যশোর শহরের রাজারহাট পিকনিক কর্নার এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অমৃত দাস জানান, রাজারহাটের নাশকতার মামলায় রকি ও ফেরদৌসকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, থানার আরেক উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, বসুন্দিয়া জঙ্গলবাঁধাল গ্রামে সংঘটিত নাশকতার মামলায় জিল্লুর রহমান জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ তিনটি পৃথক অভিযানে আসামিদের আটক করার পর রবিবার বিকেলে যশোর আদালতে সোপর্দ করলে বিচারক তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

























