শার্শায় গাছের সঙ্গে পিকআপের ধাক্কায় হেলপার নিহত
নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে পিকআপ ভ্যানের সজোরে ধাক্কায় আরিফ হোসেন (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন।মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন বগুড়া জেলার শেরপুর থানার নওয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা বোঝাই করে একটি পিকআপ ভ্যান যশোরের উদ্দেশ্যে রওনা হয়। পথে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগতির পিকআপটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়ির হেলপার আরিফ হোসেন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নাভারন হাইওয়ে ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি জব্দ করে ফাঁড়ি হেফাজতে নেয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

























