যশোরে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল সদৃশ উইনসেরেক্স সিরাপ, ভারতীয় পোশাক ও প্রসাধনসামগ্রীসহ ১০ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
মঙ্গলবার (০৬ অক্টোবর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ হিজলী, বেনাপোল আইসিপি এবং বেনাপোল বিওপির টহলদল সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ৪৮ বোতল উইনসেরেক্স সিরাপ, ৮৮টি শাড়ি, ১টি থ্রি-পিস, ৮টি কম্বল, ২ প্যাকেট ফুচকা, ১ কেজি কিসমিস, ৮৮টি কলম, ১৯০টি চকলেট, ১৮৭ পিস ওষুধ এবং ১৫৪টি প্রসাধনসামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ২ হাজার ৯৬০ টাকা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদক ও পণ্য পাচার রোধে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে। দেশের স্বার্থে সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
























