মানিক কুমার স্টাফ রিপোর্টার// টোকিওতে বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের তৃতীয় চালান আজ সোমবার ঢাকার উদ্দেশে টোকিও ছেড়েছে।জাপানের স্থানীয় সময় অনুযায়ী সোমবার রাত সোয়া ৯টায় নিপ্পন এয়ার ওয়েজের একটি ফ্লাইট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে।এই টিকা কাল মঙ্গলবার বিকেলে ঢাকায় পৌঁছাবে। টোকিও বাংলাদেশ দূতাবাস আজ সন্ধ্যায় ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও তার ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে একই তথ্য দেন। এ নিয়ে তিন দফায় বাংলাদেশে ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। এর আগে দুটি চালানে জাপান বাংলাদেশকে উপহারের ১০ লাখ ২৬ হাজার ৫২০ ডোজ টিকা পাঠায়।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১শে মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।







