ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী এখন ৭ মাসের অন্তঃসত্ত্বা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নীলফামারী জেলা প্রতিনিধি// নীলফামারীতে ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।মামলার দুই সপ্তাহ পরও, এখনও ধরাছোঁয়ার বাইরে আসামি নাহিদ। ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ায় অনবরত হুমকি দিয়ে যাচ্ছে তাদের। যে বয়সে পড়ালেখা ও সমবয়সীদের সঙ্গে খেলাধূলায় মেতে থাকার কথা, সেই বয়সে ধর্ষণের শিকার হয়ে এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। দেখা দিয়েছে শারীরিক নানা জটিলতা।নীলফামারীর লক্ষিচাপ ইউনিয়নের দুবাছুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে প্রতিবেশী বখাটে যুবক নাহিদ। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। নির্যাতনের শিকার শিশুটি বলেন, সে আমাকে গামছা দিয়ে মুখ বেধে পাশের কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আমি যখন তাকে বলি আমি আমার বাবা-মা’কে বলে দিব সে তখন বলে আমাকে আর আমার বাবা-মাকে মেরে ফেলবে। তাই আমি ভয়ে আর কাউকে কিছু বলি নাই। শিশুটির পরিবার ডেইলি বাংলাদেশ টুডে কে জানায়, প্রভাবশালী হওয়ায় শুরু থেকেই হুমকি দিয়ে আসছে ধর্ষক নাহিদ ও তার পরিবার। মামলা হলেও আসামিকে ধরা হচ্ছে না। পুলিশের দাবি, মামলাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আসামিকে ধরার চেষ্টা চলছে। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, মামলা তদন্তাধীন আছে। তদন্তের স্বার্থে আমরা সবকিছুই করছি। আসামিকে ধরার জন্য অভিযান অব্যাহত আছে।এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ধর্ষণে অভিযুক্ত নাহিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিশুটির পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর।