ভারতের রাষ্ট্রপতিকে শেখ হাসিনা বাংলাদেশ কাউকেই সংখ্যালঘু হিসেবে দেখে না, সব নাগরিক সমান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার// বাংলাদেশ কাউকেই সংখ্যালঘু হিসেবে দেখে না, সব নাগরিক সমান অধিকার ভোগ করে। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বুধবার বিকেলে হোটেল সোনারগাঁওয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে।এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের বাসভবনে তৈরি মিষ্টি, কেক আর বিস্কুট উপহার দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর সুস্বাদু ও মিষ্টি আম উপহার পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।এর আগে, ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, জ্বালানিসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য দুই দেশের সুসম্পর্ক জরুরি বলেও মন্তব্য করেন এ কে আব্দুল মোমেন।রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের আমন্ত্রণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বিজয়ের সুবর্ণজয়ন্তীর বিশেষ আয়োজনে অংশ নিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় অবস্থান করছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সকাল ১১টা ১৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে ঢাকায় আসেন তিনি। এরপরই বিমানবন্দর থেকেই হেলিকপ্টারযোগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে দুপুর পৌনে ১টার দিকে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

সেখান থেকে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন রামনাথ কোবিন্দ।সফরের দ্বিতীয় দিন ১৬ই ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘গেস্ট অব অনার’ হিসেবে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

পাশাপাশি একই দিন বিকেলে জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজায় মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে অংশগ্রহণ নেবেন ভারতীয় রাষ্ট্রপতি। সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকবেন।

সফরের তৃতীয় দিনে ভারতের রাষ্ট্রপতি ঢাকার রমনা কালী মন্দিরের সংস্কার করা অংশের উদ্বোধন করবেন এবং মন্দিরটি পরিদর্শন করবেন। তারপর দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন রামনাথ কোবিন্দ।