মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- সবসময় শৃঙ্খলা মেনে, নেতৃত্বের প্রতি আনুগত্য বজায় রেখে দেশ সেবায় নিয়োজিত থাকতে বিজিবি সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকালে ‘বিজিবি দিবস-২০২১’ উদযাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ নির্দেশ দেন তিনি।তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর পিলখানা বিজিবি সদরদপ্তরে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় বিজিবি সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার প্রত্যাশা, আপনারা দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মনে রাখবেন, শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। কখনও শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। তাতে নিজেদেরই ক্ষতি। চেইন অব কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ মেনে চলা শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য।’
সরকার প্রধান বলেন, ‘আমার বিশ্বাস, জাতির পিতার প্রত্যাশিত আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ এগিয়ে যাবে তার অভীষ্ট লক্ষ্যে এবং বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক হয়ে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে অগ্রযাত্রা অব্যাহত রাখবে।’ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, আত্মমর্যাদাশীল, উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে দেশপ্রেম, সততা ও শৃঙ্খলা নিয়ে বিজিবি সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা।
প্রধানমন্ত্রী বিজিবি সদস্যদের মনোজ্ঞ কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন। এসময় একটি সুসজ্জিত দল তাকে অভিবাদন জানায়।প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিজিবি সদস্যদের বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি পদক বিতরণ করেন। অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো, সাফিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভাষণ প্রদান শেষে প্রধানমন্ত্রী বিজিবি সদর দপ্তর পিলখানায় নবনির্মিত ‘সীমান্ত সম্মেলন কেন্দ্রের’ উদ্বোধন করেন। এরপর ডগ মার্চ, ট্রিক ড্রিল, বর্ণাঢ্য মোটরশোভাযাত্রা ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় সম্মিলিত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।






