যে কারণে সীমান্তের ওপারে আটকা ১৬০০ মেট্রিক টন গম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দিনাজপুর জেলা প্রতিনিধি:- ভারত থেকে এলসি করা গম আমদানি করতে পারছেন না দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা।

গত ১৩ মে ভারত সরকার গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করলেও ১২ মে পর্যন্ত এলসি করা গম বাংলাদেশে রপ্তানির সিদ্ধান্ত ছিল। কিন্তু সেই গম ঠিকমতো রপ্তানি করা হয়নি। ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকেরা।এদিকে, গত রোববার (২৯ মে) ভারত থেকে ২টি গম বোঝাই ভারতীয় ট্রাক দেশে প্রবেশ করলেও আজ সোমবার (৩০ মে) কোনো গমবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেনি। ফলে বন্দরের ওপারে বেশকিছু গমের ট্রাক আটকা পড়েছে। এর পরিমাণ ১৫ থেকে ১৬’শ মেট্রিকটন গম।বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রবিউল ইসলাম সুইট জানান, ভারতে অভ্যন্তরীণ সরবরাহ স্বাভাবিক রাখতে গত ১৩ মে ভারত সরকার বাংলাদেশে গম রফতানি বন্ধ করে দেয়। ফলে ভারতে এলসি করা গম আমদানি করে দেশে আনতে বিপাকে পড়েন বন্দরের আমদানিকারকেরা। এ অবস্থায় গত ১৫ মে আমদানিকারকরা ভারতের রপ্তানিকারকদের আগের অর্থ্যাৎ ১২ মে তারিখের টেন্ডার হওয়া গম রফতানির জন্য চাপ সৃষ্টি করলে রপ্তানিকারকরা বাংলাদেশে গম রপ্তানির সিদ্ধান্ত নেয়। এরপর থেকে বন্দর দিয়ে কয়েক দফা গম রফতানি করা হয়। কিন্তু চাহিদা অনুযায়ী গম রপ্তানি করা হচ্ছে না।রবিউল ইসলাম আরও জানান, গত ১২ মে পর্যন্ত হওয়া এলসির বিপরীতে গম রফতানির আশ্বাস দিলেও তা পাঠানো হচ্ছে না। এতে করে বন্দরের ওপারে হিলি, ত্রিমহনী ও পতিরামে ৫-৬’শ গমের ট্রাক আটকা পড়েছে। যা গমের পরিমাণ হবে ১৫’শ থেকে ১৬’শ মেট্রিক টন। দীর্ঘ দিন ধরে ট্রাকগুলো আটকা থাকায় গমের মান নষ্ট হচ্ছে। এদিকে, আগে ডলারের দাম কম থাকলেও দিন দিন তা বাড়তে থাকায় বিল ছাড়তে বাড়তি অর্থ গুণতে হচ্ছে।